Dhaka Mail Logo

সারাদেশ

মেয়েকে বিদায় দেওয়ার আগে পিতার চিরবিদায়

উপজেলা প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

মেয়ের বিয়ের আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল জোরকদমে। সেই আনন্দে অংশ নিতে আত্মীয়-স্বজনে ভরে উঠেছিল পুরো বাড়িও। কিন্তু এক মুহূর্তে সব আনন্দ পরিণত হলো বিষাদে। মেয়ের বিয়ের ঠিক একদিন আগে স্ট্রোক করে মারা গেছেন পিতা বাহার উদ্দিন (৫৫)। বুধবার দিবাগত রাত ৪টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব মোটবাড়িয়া এলাকার হাবীব উল্লাহ ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

বাহার উদ্দিন পেশায় সিএনজি চালক। তিনি কাটাছরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব কাটাছরা এলাকার ওবায়দুল হক ইঞ্জিনিয়ার বাড়ির মৃত মনির আহমদের ছেলে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বাহারের দ্বিতীয় কন্যা সন্তানের বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের প্যান্ডেল থেকে শুরু করে সব আয়োজন সম্পূর্ণ হয়েছে। বুধবার দিনে মেয়ের বিয়ের যাবতীয় বাজার করে বাহার নিজে সিএনজি চালিয়ে বাড়িতে নিয়ে আসেন। রাতে খাবার শেষে সবাই যে যার মতো করে শুয়ে পড়েন। ভোর ৪টার দিকে একটা হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে তা নিশ্বাস বন্ধ হয়ে যায়। পরবর্তী স্বজনরা উদ্ধার করে উপজেলার মিঠাছরা বাজারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেয়ের বিয়ের একদিন আগে নিহত হওয়া মিরসরাইয়ের বাহার উদ্দিন (৫৫)। ছবি- ঢাকা মেইল
মেয়ের বিয়ের একদিন আগে নিহত হওয়া মিরসরাইয়ের বাহার উদ্দিন (৫৫)। ছবি- ঢাকা মেইল

নিহত বাহারের স্বজন মো. রেজাউল করিম বলেন, ‘বাহার কাকা খুব ভালো মানুষ ছিলেন। সিএনজি চালিয়ে সংসার চালাতেন। শুক্রবার তার দ্বিতীয় মেয়ের বিয়ের দিন ধার্য করা হয়েছে। বিয়ের সমস্ত আয়োজন ইতোমধ্যে সম্পন্ন করে ফেলেছেন। বুধবার সারাদিন সিএনজি চালিয়ে রাতে আসার সময় বিয়ের যাবতীয় বাজার করে নিয়ে আসেন। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে একটা হাঁচি দেন। হাঁচি দিয়ে তিনি মারা যান। তার এই মৃত্যুতে মুহূর্তে বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।'

বাহারের ছেলে মো. সেলিম বলেন, ‘শুক্রবার আমার ছোট বোনের বিয়ের দিন ধার্য করা হয়েছে। বিয়ে উপলক্ষে প্যান্ডেল ও মেহমানের জন্য যাবতীয় বাজার করা ইতোমধ্যে শেষ হয়েছে। বিয়ের একদিন আগে হঠাৎ ঘুমের মধ্যে স্ট্রোক করে আমার বাবা মারা যায়। এর আগেও তিনি দুইবার স্ট্রোক করেছেন।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে মিরসরাই সদর ইউনিয়নের পূর্ব মোটবাড়িয়া এলাকায় প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। একইদিন বাদযোহর কাটাছরা পূর্ব কাটাছরা এলাকায় দ্বিতীয় জানাজা শেষ তাকে দাফন করা হয়।’

এদিকে বাহারের এমন মৃত্যুতে পুরো বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/এএম