Dhaka Mail Logo

সারাদেশ

উল্লাপাড়ায় ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে খালিদ হাসান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাখুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ হাসান উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামের বাসিন্দা। তিনি একটি আইসক্রিম কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাখুয়া এলাকায় সিরাজগঞ্জগামী একটি ট্রাক, পাবনাগামী একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী খালিদ হাসান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশে খবর দেন। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, কাভার্ড ভ্যানটি পুলিশ আটক করেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে