Dhaka Mail Logo

সারাদেশ

মেডিকেল ভিসায় ভারত যাওয়ার পথে আ.লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেফতার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ইমিগ্রেশনে কাগজপত্র যাচাইয়ের সময় তাকে আটক করা হয়।

গ্রেফতার এম এ খালেক মেহেরপুরের গাংনী বাজারের থানা রোড এলাকার মোজাহার আলী বিশ্বাসের ছেলে।

পরে মেহেরপুরের গাংনী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে নিয়ে গাংনীর উদ্দেশে রওনা হয়।

ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে সকালে দর্শনা চেকপোস্টে আসেন এম এ খালেক। কাগজপত্র যাচাইয়ের সময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। এ সময় তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে গাংনী থানায় যোগাযোগ করে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করা হয়।

এম এ খালেকের ছেলে আসিফ রেজা বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। তার হার্টে ব্লক রয়েছে। বাইপাস সার্জারি করানোর জন্য তাকে ভারতে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়। আমার জানামতে, আমার বাবার নামে কোনো নিয়মিত মামলা নেই। যে কয়েকটি মামলা রয়েছে, সেগুলোতে তিনি জামিনে রয়েছেন।’

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক (এসআই) তারিক জানান, গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজ নিয়ে এম এ খালেকের পরিচয় ও তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ এপ্রিল গাংনী থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলার নম্বর- ১৫।

প্রতিনিধি/ এজে