জেলা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে শফিকুল মিয়া (৩০) নামে এক খামার মালিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে এ ঘটনা ঘটে।
শফিকুল মিয়া উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এসব উপেক্ষা করেই শফিকুল মিয়া তার হাঁসের পাল নিয়ে পাউকাটা হাওরে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাকিম বলেন, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত দুঃখজনক। শফিকুল পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ঘটনাটি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। আবহাওয়া খারাপ থাকলে হাওরে না যাওয়াই ভালো। আর জরুরি প্রয়োজনে যেতে হলেও সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। বর্তমানে একটি কাজে রানীচাপুরে আছি। কাজ শেষ করে সাতগাঁও গ্রামে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করব।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত দুঃখজনক। নিহতের দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের জন্য সরকারি ত্রাণ তহবিল থেকে শুকনো খাবারও দেওয়া হবে।
প্রতিনিধি/টিবি