Dhaka Mail Logo

সারাদেশ

শজিমেকে হট্টগোল থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪

জেলা প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ এএম

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজন ও ট্রলি বহনকারী এক কর্মীর মধ্যে হট্টগোল থামাতে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। তাদের মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে রোগীর সঙ্গে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

আহত আনসার সদস্যরা হলেন— শাহিনুর, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও আজাদ। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও আনসার সদস্যরা জানান, বুধবার রাতে বগুড়া শহরের বৌ-বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হন। তার বন্ধুরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে ট্রলি বহনকারী নাহিদের সঙ্গে রোগীর বন্ধুদের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ৬ থেকে ৭ জন নাহিদকে মারধর শুরু করেন। খবর পেয়ে জরুরি বিভাগের দায়িত্বে থাকা আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে চার আনসার সদস্য আহত হন। আনসার সদস্যদের দাবি, এ সময় তাদের ছুরিকাঘাত করা হয়েছে। পরে পুলিশ ও অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলায় জড়িত কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন— বোরহান উদ্দিন (১৮), তানভীর আহমেদ (১৭), সামির আহম্মেদ (১৮) ও রিশাদ (১৭)। পুলিশ জানিয়েছে, আটক চারজন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বগুড়ার জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন বলেন, হট্টগোল ঠেকাতে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। তাদের ছুরিকাঘাত করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, আনসার সদস্যদের মারধর করা হয়েছে এবং তাঁর আহত হয়েছে। ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।

প্রতিনিধি/টিবি