Dhaka Mail Logo

সারাদেশ

শিবপুরে প্রবাসীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ এএম

নরসিংদীর শিবপুরে নূপুর আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাশিরদিয়া গ্রামের প্রবাসী দীপুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নূপুর ওই গ্রামের প্রবাসী দীপুর স্ত্রী এবং জাকির হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় নূপুরের মরদেহ দেখতে পান স্বজনরা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নূপুরের স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের দাবি, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে নূপুরের ঝগড়া-বিবাদ ও মারামারি হতো।

শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান বলেন, নূপুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/জেবি