জেলা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ এএম
দলের নীতি ও আদর্শ থেকে সরে যাওয়ার অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের সব পদ থেকে পদত্যাগ করেছেন মাহমুদুল হাসান সাগর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
মাহমুদুল হাসান সাগর পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগীয় সাধারণ সাংগঠনিক সম্পাদক এবং ঝালকাঠি জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমি স্বেচ্ছায় এবং সজ্ঞানে গণঅধিকার পরিষদের সমস্ত পদ থেকে পদত্যাগ করছি। অনেক বেশি হতাশা নিয়ে দলটা ছাড়ছি। তিল তিল করে ঝালকাঠিতে এই দলটাকে দাঁড় করিয়েছি।’
তিনি আরও লেখেন, ‘আমি নীতি বিসর্জন দিয়ে রাজনীতি করি না। আমার কাছে রাজনীতি মানে জনগণের সেবা, এর ব্যতিক্রম কিছু নয়।’
পদত্যাগের কারণ জানতে চাইলে মাহমুদুল হাসান সাগর বলেন, দল নীতির সঙ্গে অটল না থাকার কারণেই তিনি পদত্যাগ করেছেন। নীতির প্রশ্নে আপস করে তিনি রাজনীতি করতে চান না। তাঁর কাছে রাজনীতির মূল অর্থ জনগণের সেবা করা।
তবে মাহমুদুল হাসানের পদত্যাগের বিষয়ে গণঅধিকার পরিষদের জেলা বা কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রতিনিধি/জেবি