Dhaka Mail Logo

সারাদেশ

জামিন না হওয়ায় ক্ষুব্ধ হয়ে এজলাসে পুলিশের ওপর হামলা, এক বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

বরগুনায় আদালতের এজলাস কক্ষে জামিন না নাকচ হওয়ায় উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মো. বশির নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের এজলাসে এ ঘটনা ঘটে। 

দণ্ডপ্রাপ্ত বশির বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার বাসিন্দা।

আদালতের এপিপি মো. কামরুল ইসলাম ফরাজি জানান, একটি সিআর মামলায় বশিরের অস্থায়ী জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এতে তিনি এজলাসের মধ্যেই উত্তেজিত হয়ে উচ্চবাচ্য ও অশালীন আচরণ শুরু করেন। আইনজীবীরা তাকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে হ্যান্ডকাফ পরাতে গেলে বশির তাদের ওপর হামলা ও ধাক্কাধাক্কি করেন। এতে পুলিশ সদস্য মো. সিদ্দিক, মো. শাহজাহান ও হনুফা আহত হন। তাদের মধ্যে শাহজাহান বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাৎক্ষণিকভাবে সিআর মামলা আমলে নিয়ে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন এবং বশিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বরগুনা জেলা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের বলেন, আদালতের এজলাসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত দুঃখজনক। একজন আইনজীবী ও সুজনের সাধারণ সম্পাদক হিসেবে এ ঘটনার নিন্দা জানাই। এ ধরনের ঘটনা বিচার বিভাগের নিরাপত্তার জন্য উদ্বেগের।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল আমিন বলেন, জেলহাজতে পাঠানোর আদেশের পর আসামি উত্তেজিত হয়ে উচ্চবাচ্য করেন এবং পুলিশ সদস্যরা তাকে থামাতে গেলে ধাক্কাধাক্কি ও গায়ে হাত তোলেন। পরে বিচারক তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

প্রতিনিধি/এলএ