Dhaka Mail Logo

সারাদেশ

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪

জেলা প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের একাংশ ধসে জরুরি বিভাগের চিকিৎসকসহ চারজন আহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা প্রায় ১০ থেকে ১২ জন রোগী এবং চিকিৎসকের তিনজন সহযোগী উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ বছরের পুরোনো ভবনটির ছাদের নিচের অংশে প্লাস্টিকের বোর্ড লাগানো ছিল। হঠাৎ ছাদের নিচের অংশের প্লাস্টার খুলে প্লাস্টিকের বোর্ডের ওপর পড়ে। পরে প্লাস্টিকের বোর্ডসহ প্লাস্টার জরুরি বিভাগের ভেতরে থাকা লোকজনের ওপর পড়ে। এতে জরুরি বিভাগের সহযোগী রফিকুল ইসলামসহ চারজন আহত হন।

আহতদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার সময় জরুরি বিভাগে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ছাদের প্লাস্টার ধসে পড়ে কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি দিনাজপুর সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে।

প্রতিনিধি/এজে