Dhaka Mail Logo

সারাদেশ

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খানম ওই গ্রামের তাইজুল শিকদারের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে আয়েশার চাচা লিখন শিকদার মৎস্য ঘেরে গোসল করতে গেলে পানির নিচে তার পায়ের সঙ্গে কোনো কিছুর স্পর্শ অনুভব করেন। পরে পানির নিচ থেকে আয়েশাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুবীর কুমার সাহা জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।