জেলা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনের চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন এবং উপজেলার কাদিরপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের ওয়ালী বেপারী বাড়িরে মাস্টার আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সুমন চৌমুনহী পৌরসভার চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা পথে তিনি জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনের চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে পৌঁছলে অজ্ঞাত বেপরোয়া গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে।
প্রতিনিধি/এলএ