জেলা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর উপজেলা বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- আতাউর রহমান ও রাসেল বিপ্লব। আতাউর রহমান আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও রাসেল সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তারা দুইজনই বর্তমানে সংসদ সদস্য রুমিন ফারহানার সমর্থক।
আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামের আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে উপজেলার ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) পাঠাগারের সভাপতি আতাউর রহমান অনুষ্ঠান সফলে সার্বিক সহায়তাসহ মিলনায়তন বরাদ্দের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদন সূত্রে জানা গেছে, উপজেলার খোলাপাড়া গ্রামের আবদুল কাদির শাহ পাঠাগারটি পল্লী গ্রামে শিক্ষা প্রসারে ২০১৮ সাল থেকে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। এটি জাতীয় গণগ্রন্থগার অধিদপ্তরের তালিকাভূক্ত একটি বেসরকারি পাঠাগার। আগামী (১৮ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে আশুগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা আয়োজন করা হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা প্রধান হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সংবর্ধনা অনুষ্ঠানের আপডেট জানতে উপজেলা পরিষদে যান আবদুল কাদির শাহ পাঠাগারের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান এবং সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব। তারা দেখা করার জন্য ইউএনও'র কক্ষের দিকে যান। কক্ষে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে বসে ইউএনওর সঙ্গে কথা বলতে দেখে তারা ভেতরে ঢুকেননি। পরে তারা সেখান থেকে নিচে নেমে উপজেলা পরিষদের বিপরীত দিকে দাঁড়িয়ে নিজেরা কথা বলছিলেন।
দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ তার লোকজন গিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। পরে উপজেলা পরিষদে থাকা গ্রাম পুলিশ সদস্যরা দুই পক্ষকে দুই দিকে ফিরিয়ে দেন।
সংসদ সদস্য রুমিন ফারহানার সমর্থক রাসেল বিপ্লব বলেন, নিচে উপজেলা পরিষদের বিপরীত দিকে দাঁড়িয়ে কথা বলছিলাম আমরা। জোহর নামাজের সময় উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান নিজে এসে তার লোকজন নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। সংসদ সদস্য রুমিন ফারহানা বিজয়ী হওয়ার পর থেকে বিএনপির নেতাকর্মীরা আমাদের প্রতিপক্ষ হয়ে আছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, মাদকের বিষয় নিয়ে আমাদের ছেলেপেলের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমি তাদের ফিরিয়ে দিয়েছি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন বলেন, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে ইউএনও বলেন, মাননীয় সংসদ সদস্য চাইলে অবশ্যই সংবর্ধনা অনুষ্ঠান হবে।
প্রতিনিধি/এলএ