Dhaka Mail Logo

সারাদেশ

ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে জন্ম নিল মেয়েশিশু

জেলা প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই হাত ও দুই পায়ে মোট ২৮টি আঙুল নিয়ে একটি মেয়েশিশুর জন্ম হয়েছে। শিশুটির ঠোঁটেও জন্মগতভাবে কাটা রয়েছে। গত ১৩ সেপ্টেম্বর উপজেলার মালিপাড়া গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম ও লিজা বেগম দম্পতির প্রথম সন্তান হিসেবে স্থানীয় একটি ক্লিনিকে শিশুটির জন্ম হয়।

সরেজমিনে দেখা যায়, শিশুটি বর্তমানে বাবা-মায়ের বাড়িতে রয়েছে। জন্মের খবর ছড়িয়ে পড়ার পর শিশুটিকে দেখতে স্থানীয় লোকজন ভিড় করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের শিশুর জন্ম তারা এর আগে এলাকায় দেখেননি।

a1bc071f-272a-4fd8-9d88-dbcdf5c746ae

স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, ‘সাধারণত একটি শিশুর হাতে-পায়ে মোট ২০টি আঙুল থাকে। কিন্তু এই শিশুটির মোট ২৮টি আঙুল। শিশুটি বর্তমানে সুস্থ আছে। তবে তার ঠোঁটে সামান্য কাটা রয়েছে। এটি আল্লাহ তাআলার নিদর্শন ও সৃষ্টি। এ সৃষ্টিতে কারও হাত নেই। শিশুটির পরিবারও এ নিয়ে সন্তুষ্ট রয়েছে।’

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘আরিফুল ইসলামের প্রথম সন্তান হিসেবে মেয়েশিশুটির জন্ম হয়েছে। আমাদের এলাকায় এ ধরনের শিশুর জন্ম এর আগে দেখিনি। জীবনে এটাই প্রথম দেখলাম।’

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘শিশুটির দুই হাত ও দুই পায়ে মোট ২৮টি আঙুল রয়েছে। এমন শিশু তিনি জীবনে কখনো দেখেননি। এই প্রথম দেখলেন।’

শিশুটির বাবা আরিফুল ইসলাম বলেন, ‘আমার একটি মেয়েসন্তান হয়েছে। সাধারণত বাচ্চাদের ২০টি আঙুল থাকে, কিন্তু আমার মেয়ের ২৮টি আঙুল হয়েছে। তারপরও আমরা সন্তুষ্ট। এ নিয়ে আমাদের কোনো মন খারাপ নেই।’

প্রতিনিধি/এসএস