জেলা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে গত ১২ দিন ধরে এক্স-রে মেশিন বিকল থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এক্স-রে করাতে না পেরে অনেক রোগীকে হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে। গুরুতর রোগীদের বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে।
রোগীরা জানান, সরকারি হাসপাতালে স্বল্প খরচে পরীক্ষা করানোর আশায় এলেও মেশিন নষ্ট থাকায় বাইরে গিয়ে এক্স-রে করাতে হচ্ছে। এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি দুর্ভোগও পোহাতে হচ্ছে তাদের।
ভুক্তভোগী এক রোগীর স্বজন বিপ্লব ত্রিপুরা বলেন, ‘হাসপাতালে আমার বোনের চিকিৎসা নিতে এসে জানতে পারি, এক্স-রে মেশিন নষ্ট। বাইরে গিয়ে পরীক্ষা করাতে হয়েছে। হাসপাতালে পরীক্ষা করাতে পারলে খরচ বাঁচত।’

বাঘাইছড়ি উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা মো. তুহিন বলেন, ‘দূর থেকে হাসপাতালে এসেছি সরকারি খরচে চিকিৎসা নেওয়ার জন্য। কিন্তু এক্স-রে করতে না পেরে বাইরে গিয়ে পরীক্ষা করাতে হয়েছে।’
খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, গত ১২ দিন ধরে এক্স-রে মেশিনটি নষ্ট রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত এর সমাধান হবে।

তিনি বলেন, হাসপাতালের বেশ কিছু যন্ত্রপাতি অনেক পুরোনো হয়ে যাওয়ায় সেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এসব যন্ত্রপাতি মেরামতের পাশাপাশি আধুনিকায়ন করা প্রয়োজন।
জেলা সদরের একমাত্র বড় সরকারি হাসপাতালে এক্স-রে সেবা বন্ধ থাকায় দ্রুত মেশিনটি সচল করার পাশাপাশি পুরোনো ও অকেজো যন্ত্রপাতি প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনেরা।
প্রতিনিধি/এসএস