Dhaka Mail Logo

সারাদেশ

নীলফামারীতে নিষিদ্ধ পিরানহা বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

নীলফামারীর ডোমারে নিষিদ্ধ রাক্ষুসে স্বভাবের পিরানহা মাছ বিক্রির দায়ে তিন মৎস্য ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে নিষিদ্ধ মাছ বিক্রি না করতে তাদের সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ডোমার উপজেলার বোড়াগাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন বোড়াগাড়ী বাজারের সন্তোষ কুমার দাস, রবিউল ইসলাম ও আব্দুর রহমান।

উপজেলা মৎস্য দফতর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বোড়াগাড়ী বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তিন মৎস্য ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

c60b96bc-ea31-4b48-9979-340d9183eedd

অভিযানকালে ব্যবসায়ীদের নিষিদ্ধ পিরানহা মাছের চাষ, পরিবহন ও বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় ডোমার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ ও ডোমার থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, জনস্বার্থ ও জলজ সম্পদ সংরক্ষণের স্বার্থে নিষিদ্ধ মাছের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ মাছের চাষ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস