জেলা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ এএম
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনায় করা মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া একটি ফ্রিজ ও আইপিএসের দুটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার দুজন হলেন উপজেলার কল্যাণপুর গ্রামের মো. ইয়াসমিন (২২) ও মো. সুমন মিয়া (২৪)। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই দিবাগত রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনা ঘটে। চোরেরা সিঁড়ির কক্ষের পাশের দেয়ালে ছিদ্র করে এবং একটি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে নিচতলার একটি কক্ষের তালা ভেঙে অফিসের কাজে ব্যবহৃত একটি ফ্রিজ, একটি আইপিএস, আইপিএসের দুটি ব্যাটারি, একটি পানির মোটরসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে যায়।
আরও পড়ুন
পরদিন সকালে স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা চুরির বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের একজন পরিদর্শক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভুক্ত করা হয়।
পুলিশ জানায়, মামলাটি তদন্ত করতে গিয়ে বিভিন্ন সূত্রের মাধ্যমে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে সন্দেহভাজন মো. ইয়াসমিনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন বিকেলে নিজ বাড়ি থেকে মো. সুমন মিয়াকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া একটি ফ্রিজ ও আইপিএসের দুটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না।
ওসি মো. নাসির উদ্দিন বলেন, বিভিন্ন সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, সকালে গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস