জেলা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ এএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাঁচ সদস্যের এই কমিটিকে আগুনের কারণসহ সার্বিক বিষয় তদন্ত করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের একজন প্রকৌশলীকে সদস্য করা হয়েছে।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাঁচ সদস্যের কমিটি করেছি।’
এর আগে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে মঙ্গলবার সকালে পাঁচ সদস্যের কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগের ১১ নম্বর লিফটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের চারটি ইউনিট কাজ করে। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সময় ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিচে নামার সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হন। তবে স্বজনদের দাবি, আগুন লাগার পর সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আতঙ্ক ও হুড়োহুড়িতে চারজনের মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে লিফটে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিনিধি/এসএস