জেলা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও মুন্সিগঞ্জের বিভিন্ন সড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী তিনটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, মাইক্রোবাসগুলোতে তল্লাশি চালিয়ে মুখ ঢাকার মাস্কসহ ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্রচারসামগ্রী উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে ৩টার মধ্যে মুন্সিগঞ্জ সদর ও শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকা থেকে ১০ জন এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার দুটি এলাকা থেকে ২১ জন রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত আনুমানিক ১টা ২০ মিনিটে মুন্সিগঞ্জ সদর থানার একটি চেকপোস্টে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি হায়েস মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ১০ জনকে গ্রেফতার করা হয়।
এরপর রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সদর থানার হাতিমারা মোড়ের চেকপোস্টে আরও একটি হায়েস মাইক্রোবাস থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। রাত আনুমানিক ২টার দিকে শ্রীনগর থানাধীন ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টে তৃতীয় মাইক্রোবাস থেকে আরও ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করার উদ্দেশে যাচ্ছিলেন। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, আওয়ামী লীগ মিছিল করতে পারে—এমন খবর পেয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কের ছনবাড়ি এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সন্দেহভাজন মাইক্রোবাস থেকে ১০ জনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতি নেওয়ার কথা জানান।

তিনি জানান, মঙ্গলবার তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, সদর উপজেলার সিপাহিপাড়া থেকে ১১ জন এবং নয়াগাঁও এলাকা থেকে ১০ জনসহ মোট ২১ জনকে দুটি মাইক্রোবাসসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস