জেলা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ এএম
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণ থেকে আওয়ামী লীগ নেতা এম এ খায়ের মোল্লা ওরফে বাচ্চুকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একটি মামলায় সাক্ষ্য দিতে পটুয়াখালী জজকোর্টে এলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ সময় তার ছেলে রেদোয়ানকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়রা খায়ের মোল্লাকে পুলিশের হাতে তুলে দেন বলে জানা গেছে। পরে একই সময় তার ছেলে রেদোয়ানকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।
খায়ের মোল্লা নিজেকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পটুয়াখালীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকার বংশাল, সূত্রাপুর, শাহবাগ, যাত্রাবাড়ী, হাতিরঝিল, রামপুরা, বাড্ডা ও ভাটারা থানাসহ বিভিন্ন থানায় খায়ের মোল্লার বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলার মধ্যে শেখ হাসিনাকে আসামি করে করা হত্যা মামলাও রয়েছে বলে জানা গেছে। তবে এসব মামলায় তার সুনির্দিষ্ট ভূমিকা বা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অন্যদিকে, তার ছেলে রেদোয়ানের বিরুদ্ধেও ঢাকায় হত্যা মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘খায়ের মোল্লা নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রতিনিধি/এসএস