Dhaka Mail Logo

সারাদেশ

এসপি কার্যালয় ঘেরাও ও সাংবাদিকদের কাজে বাধার অভিযোগ, ছাত্রদল নেতাকে শো

জেলা প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ এএম

মোটরসাইকেল আটকের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও, বিশৃঙ্খলা এবং গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, জেলা শাখার দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশ দিয়েছেন।

ঘটনার সূত্রপাত হয় সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে। চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশ আক্তারুজ্জামানের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করে। পুলিশের দাবি, মোটরসাইকেলটির বৈধ নিবন্ধন না থাকায় সেটি আটক করা হয়। এ সময় আক্তারুজ্জামানের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বাগবিতণ্ডা হয়।

তবে আক্তারুজ্জামানের দাবি, তার মোটরসাইকেল নিবন্ধিত ছিল। পুলিশের সঙ্গে কথাবার্তার একপর্যায়ে তার মুঠোফোন নেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। বিষয়টি নিয়ে কথা বলতে তিনি এসপি কার্যালয়ে যান বলে তার ভাষ্য।

আরও পড়ুন

বাইক জব্দের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে এসপি কার্যালয় ঘেরাও ছাত্রদলের

পরে ওই দিন রাতে অর্ধশতাধিক ছাত্রদল নেতা-কর্মী এসপি কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। প্রায় এক ঘণ্টা তারা সেখানে থাকেন। এ সময় গণমাধ্যমকর্মীরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাদের বাধা দেওয়া এবং ধারণ করা ভিডিও মুছে ফেলতে চাপ দেওয়ার অভিযোগও ওঠে।

অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ বলেন, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে মোটরসাইকেলটির কাগজপত্র যাচাই করা হয়েছিল। কাগজপত্র না থাকায় সেটি আটক করা হয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার পর ছাত্রদলের নেতা-কর্মীরা এসপি কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে।

শোকজের বিষয়ে আক্তারুজ্জামান আক্তার বলেন, ‘কারণ দর্শানোর জবাব দিতে আমি ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সোমবারের ঘটনার কারণেই আমাকে এই নোটিশ দেওয়া হয়েছে বলে মনে করছি।’ তার দাবি, ট্রাফিক পুলিশের আচরণের বিষয়ে অভিযোগ জানাতেই তারা এসপি কার্যালয়ের সামনে গিয়েছিলেন; কোনো ধরনের বিক্ষোভ বা বিশৃঙ্খলা করার উদ্দেশ্য তাদের ছিল না।

জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম বলেন, ঘটনাটি মূলত ভুল–বোঝাবুঝি থেকে ঘটেছে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে অপ্রীতিকর কিছু হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে এ ভুল–বোঝাবুঝির অবসান হবে বলে তিনি আশা করেন।

প্রতিনিধি/এসএস