জেলা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ এএম
কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিঠের ওপর ইট রেখে পৈশাচিক কায়দায় পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একদল কিশোরের মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ফয়সালকে চোর সন্দেহে আটক করে স্থানীয় কয়েকজন। এরপর তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাতভর বিভিন্নভাবে মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালেও তাকে কয়েক দফা পেটানো হয়। একপর্যায়ে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় ফয়সালকে কয়েকজন কিশোর মারধর করছে। ভিডিওতে তাকে ঘিরে থাকা কয়েকজনকে লাঠি ও অন্যান্য বস্তু দিয়ে আঘাত করতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা ও ধারণের সময় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, কোনো ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর না করে এভাবে আটকে রেখে নির্যাতন ও হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
এ বিষয়ে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক ব্যক্তিকে চুরি করার জন্য পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এমনটা শুনেছি। আমি কিছুক্ষণ পর হাসপাতালে যাব।
এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। এব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রতিনিধি/আরআর