জেলা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পিএম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে হাতুড়ি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এতে মো. রাজু মিয়া (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার মাথার বিভিন্ন স্থানে জখম হওয়ার পাশাপাশি ডান কানের একাংশ ছিঁড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গরুহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাজু মিয়া ওই এলাকার মৃত দুলাল হোসেনের ছেলে এবং মরহুম ডা. আব্দুল হাইয়ের নাতি। তিনি বাংলাদেশ বেতারে কর্মরত। স্থানীয়দের তথ্যমতে, অভিযুক্ত তার স্ত্রী মোসা. খুকু মনি (৩২)।
স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রাজু মিয়া ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী খুকু মনি হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের বা কাউকে গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হবে এবং অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/আরআর