Dhaka Mail Logo

সারাদেশ

জরুরি পরিস্থিতি মোকাবিলায় রংপুর পুলিশে ‘কুইক রেসপন্স টিম’ গঠন

জেলা প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ এবং যে-কোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের হলরুমে বিশেষ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় রংপুর রেঞ্জ, রংপুর মেট্রোপলিটন পুলিশ ও প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতির উদ্ভব হলে সংশ্লিষ্ট ইউনিটের ডাকার অপেক্ষা না করে সমন্বিতভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এসব টিম। সংশ্লিষ্ট হোস্ট ইউনিটের নেতৃত্ব ও নির্দেশনায় পরিচালিত হবে। মেট্রোপলিটন এলাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট জেলায় পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী টিমগুলো দায়িত্ব পালন করবে।

সভায় জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যে-কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর পুলিশি সাড়া নিশ্চিত করতে রংপুর রেঞ্জ পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়।

বিশেষ সভায় পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদসহ বিভাগের ৮ জেলার পুলিশ সুপারগণ।

প্রতিনিধি/ এজে