Dhaka Mail Logo

সারাদেশ

বিএনপির নেতাকর্মীরা কোনো সরকারি জমি দখল করেনি: গণপূর্ত প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

বর্তমান সরকারের আমলে বিএনপির কোনো নেতাকর্মী সরকারি জমি দখল করেনি বলে দাবি করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল সুমন মঞ্জুর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এস্টেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের কেনা জমিও দখল করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, জমি দখল ও দুর্নীতি তখন চরম পর্যায়ে ছিল।

আওয়ামী লীগ ও বিএনপির তুলনা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করে লাভ নেই। তার জানা মতে, বরিশালে এখন পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মী সরকারি সম্পত্তি দখল করেনি।

গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে তার মন্ত্রণালয়ের বেশ কিছু জমি বাজারে পরিণত করে বিভিন্নভাবে বণ্টন করা হয়েছে। এসব সম্পত্তি আইনগতভাবে মন্ত্রণালয়ের আওতায় ফিরিয়ে আনা হবে। যে সব দখল বা বণ্টন অবৈধ, সেগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে