জেলা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে কবর খুঁড়ে কথিত পীর আব্দুর রহমান ওরফে শ্রী শামিমের দেহাবশেষ তুলে তাঁর প্রতিষ্ঠিত দরবারে নিয়ে প্রতিস্থাপনের ঘটনায় করা মামলায় লালা প্রামাণিক(৪২) নামে এক ভক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। লালা প্রামাণিক ওই এলাকার মৃত মেছের প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাতে ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থান, স্থানীয়ভাবে ‘৫০০ বিঘা মাঠ’ নামে পরিচিত, সেখান থেকে আব্দুর রহমান ওরফে শ্রী শামিমের দেহাবশেষ তুলে নেওয়া হয়। পরে সেগুলো তাঁর প্রতিষ্ঠিত ‘শামিম বাবার দরবার শরিফে’ নিয়ে পুনরায় দাফন করা হয়।
পরদিন সকালে বিষয়টি শামিমের স্বজনদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে প্রশাসনের নির্দেশে দরবার শরিফ প্রাঙ্গণে খোঁড়া নতুন কবর থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়। ওই দিন বিকেল ৪টার দিকে দেহাবশেষগুলো উপজেলার ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে পুনরায় দাফন করা হয়।
এ ঘটনায় শামিমের ভাই ফজলুর রহমান বাদী হয়ে ওই রাতেই দৌলতপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
ভবিষ্যতে আবারও কবর খুঁড়ে দেহাবশেষ তুলে নেওয়ার ঘটনা ঠেকাতে পরিবারের উদ্যোগে গত ৬ সেপ্টেম্বর কবরটি ইট দিয়ে গেঁথে ঢালাই করে দেওয়া হয়।
পুলিশ জানায়, মামলা দায়েরের পর তদন্তে ঘটনার সঙ্গে শামিমের এক ভক্তের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে লালা প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে লালা প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, ঘটনার পর মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ওই পীরের এক মুরিদের (ভক্ত) সংশ্লিষ্টতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতার লালা প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/এজে