জেলা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম
শেরপুর সদর উপজেলায় তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আসামিদের উপস্থিতিতে শেরপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলফিকার হোসাইন রনি এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী কৃষ্ণপুর এলাকার মৃত নফিজ উদ্দিনের ছেলে নূর আহাম্মদ মটর (৬৬), তার ছেলে শাজাহান (৪৪) এবং একই এলাকার শহীদুল্লার ছেলে মানিক ওরফে কালু (৪৪)। মামলার অপর আসামি শওকত আলীকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, নূর আহাম্মদ মটরের বিরুদ্ধে দুটি অপরাধ প্রমাণিত হওয়ায় পৃথক ধারায় তাকে চার বছর ও দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার ছেলে শাজাহানকে চার বছর এবং মানিক ওরফে কালুকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তিন আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ আগস্ট রাত আটটার দিকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কালিতলা বাজারে পূর্বশত্রুতার জেরে হাফিজুর রহমান বাচ্চু, হারুনুর রশিদ সাধু ও লোকমান আলীর ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে তিন ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার দিনই আহত হারুনুর রশিদ সাধুর স্ত্রী স্বপ্না পারভীন বাদী হয়ে শেরপুর সদর থানায় অভিযোগ করেন। পরে ১০ আগস্ট এ ঘটনায় থানায় মামলা করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
রায়ের পর বাদীপক্ষের আইনজীবী পংকজ দেবনাথ সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বাদী ও ভুক্তভোগীরা অবশেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার পেয়েছেন।’
প্রতিনিধি/এসএস