উপজেলা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার একটি চুরি মামলার তদন্তে এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার হেফাজত ও দেখানো স্থান থেকে ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার এবং ৮ ভরি ১৪ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার শিকদার বাজার ও গাবতলী টাগারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) পলাশ বাউন ও এসআই মিলন ফকির।
অভিযানে চুরি মামলার এজাহারনামীয় আসামি হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়। তিনি শেরপুর সদর থানার চাপাতলী এলাকার মৃত কালামের ছেলে। বর্তমানে ফতুল্লার চানমারী এলাকায় জাকিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজত ও দেখানো স্থান থেকে ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার এবং ৮ ভরি ১৪ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা তৈরি করে অলংকারগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, গ্রেফতার হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া অলংকারের চুরির সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস