Dhaka Mail Logo

সারাদেশ

বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ

জেলা প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের লালচর এলাকায় বিষ প্রয়োগ করা ঘাস খেয়ে একটি গর্ভবতী মহিষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার মমিনপুর গ্রামের বাসিন্দা মো. রবিউল দুয়ারীর মহিষটি মারা যায়।

স্থানীয় বাসিন্দা ও মহিষটির মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার প্রতিদিনের মতো লালচর এলাকায় মহিষগুলোকে সবুজ ঘাস খাওয়াতে নিয়ে যান রবিউল দুয়ারী। ঘাস খাওয়ার কিছুক্ষণ পর তার গর্ভবতী মহিষটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে বিভিন্নভাবে চিকিৎসা ও সুস্থ করার চেষ্টা করা হলেও সোমবার বিকেলে সেটি মারা যায়।

রবিউল দুয়ারীর দাবি, লালচর এলাকার সবুজ ঘাসে কে বা কারা বিষ প্রয়োগ করে থাকতে পারে। ওই ঘাস খাওয়ার কারণেই মহিষটির মৃত্যু হয়েছে বলে তিনি ধারণা করছেন। তবে ঘাসে কী ধরনের বিষ প্রয়োগ করা হয়েছিল কিংবা কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রবিউল দুয়ারী বলেন, মৃত মহিষটির বাজারমূল্য দুই লাখ টাকার বেশি। মহিষটি গর্ভবতী হওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন। তাঁর অভিযোগ, কেউ পরিকল্পিতভাবে ঘাসে বিষ প্রয়োগ করে থাকলে তা অত্যন্ত উদ্বেগজনক। এতে ভবিষ্যতে ওই এলাকায় চরানো অন্য গবাদিপশুও ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্থানীয়দের ভাষ্য, লালচর এলাকায় নিয়মিত কৃষক ও খামারিরা গবাদিপশু চরাতে নিয়ে যান। সেখানে ঘাসে বিষ প্রয়োগের ঘটনা ঘটে থাকলে দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত করা প্রয়োজন।

মহিষটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন। পরীক্ষার পরই মহিষটির মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে কি না এবং ঘাসে ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগ করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/এসএস