জেলা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
যশোরে ফেসবুক লাইভে লটারির মাধ্যমে স্ক্র্যাচ কার্ড বিক্রি করে জুয়া পরিচালনার অভিযোগে আটজনকে আটক করেছে র্যাব-৬।
সোমবার বিকেলে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও জুয়ার কার্ড উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন— সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের শাহীন আলম, শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের বাপ্পী হোসেন, একই উপজেলার মিন্দিনগর গ্রামের আরিফুল ইসলাম, কালীগঞ্জের শিবপুর গ্রামের সোহেল রানা, একই গ্রামের শরিফুল ইসলাম, ফয়সাল হোসেন, মলেঙ্গা গ্রামের নাজমুল হোসেন এবং মরাগাছা গ্রামের মিলন।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা মূলত প্রবাসীদের টার্গেট করে ফেসবুকে লাইভে এসে স্ক্র্যাচ কার্ড বিক্রি করতেন। ভাগ্যের ওপর নির্ভরশীল এসব কার্ড টাকা দিয়ে কিনলে নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার জেতার লোভ দেখানো হতো।
র্যাবের এই কর্মকর্তা বলেন, চক্রটির ফাঁদে পড়ে অনেক সাধারণ মানুষ স্ক্র্যাচ কার্ড কিনে প্রতারণার শিকার হয়েছেন। স্ক্র্যাচ কার্ড বিক্রির পাশাপাশি চক্রটি বিভিন্ন সময় অনলাইন জুয়াও পরিচালনা করত বলে অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদে চক্রটির অবস্থান শনাক্ত করা হয়। পরে সোমবার বিকেলে চাঁচড়া ডালমিল এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। অভিযানে তাদের ব্যবহৃত একটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও জুয়ার কার্ড জব্দ করা হয়।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বি প্রিন্স বলেন, চক্রটি বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব জানিয়েছে, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
প্রতিনিধি/এলএ