জেলা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম
বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল আকৃতির একটি কুমিরের দেখা পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের বাবলাতলা ও গাবতলা এলাকায় কুমিরটি দেখতে পান স্থানীয়রা। কুমিরটি এক নজর দেখতে নদের পাড়ে ভিড় করেন উৎসুক শত শত মানুষ।
বলেশ্বর নদে প্রথমবারের মতো হঠাৎ করে কুমিরের এমন বিচরণে আতঙ্কিত হয়ে পড়েছেন নদ পাড়ের বাসিন্দা ও মৎস্য আহরণে নিয়োজিত জেলেরা।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানিয়েছেন, সুন্দরবনের আলীবান্দা ইকোট্যুরিজম কেন্দ্র এলাকার বাইরে একটি বিশাল আকৃতির কুমির প্রায়ই দেখা যায়। সেখান থেকে কুমিরটি মাঝেমধ্যে রেঞ্জ অফিসের সামনের শরণখোলা ও বগী ভাড়ানি দিয়ে তেড়াবেকা পর্যন্ত বিচরণ করে থাকে। পরে আবার আলীবান্দায় ফিরে যায়।
বলেশ্বর নদ সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় কুমির যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। হয়তো কোনো কারণে বলেশ্বরে চলে গেছে কুমিরটি। তবে এর আগে কখনো বলেশ্বর নদে কুমির গেছে বলে শোনা যায়নি। সুন্দরবনের এই কুমিরটির দৈর্ঘ্য ১২ থেকে ১৩ ফুট। যেহেতু নদ পারের বহু মানুষ মৎস্যজীবী। তাই তাদেরকে সতর্কতার সঙ্গে মাছ ধরতে বলা হয়েছে। স্থানীয়রা যাতে নদীতে নেমে গোসল না করেন, সেই ব্যাপারেও সাবধান করা হয়েছে। এ ব্যাপারে বগী ফরেস্ট স্টেশন অফিসের বনরক্ষীদেরকেও কুমিরের গতিবিধি নজরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এফএ