Dhaka Mail Logo

সারাদেশ

চট্টগ্রাম রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু বুধবার

জেলা প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

চট্টগ্রাম রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) শুরু হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এ টুর্নামেন্ট। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ২১ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিবি পরিচালক ও রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মিনহাজুল আবেদীন নান্নু। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করা হয়।

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘স্থবিরতা কাটিয়ে চট্টগ্রামের ক্রিকেটকে আবারও জাগিয়ে তুলতে এবং খেলোয়াড়দের প্রাক্-মৌসুম প্রস্তুতির উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করছি। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলাকে চারটি জোনে ভাগ করে দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে স্থানীয় অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের দুজন করে উদীয়মান ক্রিকেটার রাখা হয়েছে।’

তিনি জানান, জোন চারটি হলো ইস্পাহানি কর্ণফুলী, ফোর্টিস ময়নামতি, ফিজআপ ভুলুয়া ও সাম্পান। এর মধ্যে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগর নিয়ে গঠিত ইস্পাহানি কর্ণফুলীর পৃষ্ঠপোষকতায় রয়েছে ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজ। কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গঠিত ফোর্টিস ময়নামতির পৃষ্ঠপোষকতায় রয়েছে ফোর্টিস গ্রুপ। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে গঠিত ফিজআপ ভুলুয়ার পৃষ্ঠপোষকতায় রয়েছেন নোয়াখালী জেলার বিসিবি কাউন্সিলর তাউছ বিন বেনী আমীন চৌধুরী। আর রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার নিয়ে গঠিত সাম্পানের পৃষ্ঠপোষকতায় রয়েছেন বিসিবি পরিচালক সাইদ ইব্রাহিম আহমেদ।

সূত্র মতে, আগামী ১৬, ১৭ ও ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২১ সেপ্টেম্বর হবে ফাইনাল। আয়োজকেরা জানান, দর্শকদের জন্য প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এন স্পোর্টস। পাশাপাশি ক্রিকহিরোজ অ্যাপে ম্যাচের বল-বাই-বল লাইভ স্কোর পাওয়া যাবে।

টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করছে পিএইচপি গ্রুপ, ইস্পাহানি গ্রুপ, ফোর্টিস গ্রুপ, বিসিবি পরিচালক সাইদ ইব্রাহিম আহমেদ, সিরাজউদ্দিন মো. আলমগীর, ইস্রাফিল খসরু, সাকিফ আহমেদ সালাম, বিসিবি কাউন্সিলর তাউছ বিন বেনী আমীন চৌধুরী এবং আবু সাদাত মো. সায়েম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক সাকিফ আহমেদ সালাম, পিএইচপি মোটরসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ, পিএইচপি গ্রুপের পরিচালক নাভিদ ইকবাল, বিসিবি কাউন্সিলর তাউছ বিন বেনী আমীন চৌধুরী এবং ইস্পাহানি টি ট্রেড লিমিটেডের সহকারী ম্যানেজার মো. ফতেহ আমিন তারেক। সংবাদ সম্মেলন শেষে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

প্রতিবেদক/এআর