Dhaka Mail Logo

সারাদেশ

যে শর্তে ‘ছাত্রলীগ কর্মী’ স্কুলছাত্রের জামিন

জেলা প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলায় এজাহারভুক্ত আসামি স্কুলছাত্র মো. আল-আমিনকে জামিন দিয়েছে আদালত। সপ্তাহের প্রতি সোমবার আদালতে উপস্থিত হওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদেকুর রহমান এ জামিন মঞ্জুর করেন। 

এর আগে একই মামলায়, একই আদালত থেকে একই শর্তে জামিন পাওয়া মো. রিমনকে আদালতে উপস্থিত থাকতে দেখা গেছে। 

আসামি পক্ষের আইনজীবী আব্দুর রব সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিনপ্রাপ্ত আল-আমিন রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের বাসিন্দা মো. শাহীনের ছেলে ও উপজেলার চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক শাখার ছাত্র।

আইনজীবী আব্দুর রব সুমন বলেন, আল-আমিন রামগতি থানার সন্ত্রাসবিরোধী মামলার ১১ নং আসামি। সে স্কুলছাত্র। আজকে ক্লাস না করেই সে আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করে। সপ্তাহের প্রতি সোমবার আদালতের উপস্থিত থাকার শর্তে বিচারক তার জামিন মঞ্জুর করেছেন।

গত ১৭ আগস্ট একই মামলার আসামি দশম শ্রেণির ছাত্র মো. রিমন বাচ্চুকে প্রতি সোমবার আদালতে উপস্থিত থাকা শর্তে জামিন দেয় একই আদালত। রিমন রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে ও রামগতি উপজেলার চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ব্যবসা শাখার ছাত্র।

মামলা সূত্রে জানা যায়, ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। এসময় তারা 'মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই'সহ বিভিন্ন উস্কানিমূলক স্লোগানসহ জননিরাপত্তা বিপন্ন ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে ঝটিকা মিছিল করে। তারা তাদের কার্যক্রম বিভিন্ন মাধ্যমে প্রচারের জন্য ভিডিও ধারণ করে। 

এ ঘটনায় ৪ জুন রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন রিমনসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

প্রতিনিধি/এলএ