Dhaka Mail Logo

সারাদেশ

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধার এবং সাজানো অপহরণের ঘটনা রোধে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭। একই সঙ্গে সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে যৌথ বাহিনীর ক্যাম্প বহাল রাখার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।

র‌্যাব-৭ অধিনায়ক জানান, ২৪ এর জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হয়েছে। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র‌্যাবের নেতৃত্বে বিশেষ কার্যক্রম চলছে। এসব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত পুরো সমাজের জন্যই বড় ধরনের ঝুঁকি থেকে যায়। তাই ভয় না পেয়ে পরিত্যক্ত বা অন্য কোনোভাবে পাওয়া অস্ত্র র‌্যাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

কেউ অস্ত্রের সন্ধান দিলে কিংবা গোপন তথ্য দিয়ে সহযোগিতা করলে তাকে পুরস্কৃত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এছাড়া সাম্প্রতিক সময়ে অপহরণের ভুয়া অভিযোগ বৃদ্ধি পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সম্প্রতি তিনটি অপহরণের খবর পেয়ে অভিযান চালিয়ে দেখা গেছে- একজন অনলাইন জুয়ায় ৩ লাখ টাকা হেরে আত্মগোপন করেছিলেন। একজন স্বজনদের বাড়ি গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন এবং অন্যজন পরিবারের ওপর রাগ করে চলে গিয়েছিলেন। এ ধরনের সাজানো অভিযোগে বাহিনীর দীর্ঘ সময় ও জনবল অপচয় হয়, যা প্রকৃত অপরাধ দমনে বড় বাধা সৃষ্টি করে।

জঙ্গল সলিমপুর প্রসঙ্গে তিনি বলেন, সেখানে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপনের পর থেকে কোনো বড় ধরনের অপরাধ ঘটেনি। পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখান থেকে ক্যাম্প প্রত্যাহার করা হবে না। পাশাপাশি চট্টগ্রাম ও কক্সবাজারে বিদেশি অপরাধীদের ছদ্মবেশে অবস্থান ঠেকানোসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক নজরদারির বহাল থাকবে।

আইকে/জেবি