উপজেলা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
ঢাকার সাভারের আশুলিয়ায় এক চেয়ারম্যান পদপ্রার্থীকে সমর্থন করায় শাহজাহান মিয়া (৪৫) নামে এক পোশাকশ্রমিককে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে অপর এক চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজনের বিরুদ্ধে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধামসোনা ইউনিয়নের ভাদাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আহত শাহজাহান মিয়া ভাদাইল উত্তরপাড়ার বাসিন্দা। তিনি কফিল উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন- ভাদাইলের শরিফ ও তার ভাই আরিফ, হিরন এবং চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার মামা কুরবান আলী।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, রোববার রাতে ভাদাইল গ্রামের মধ্যপাড়া এলাকায় অবস্থানরত শাহজাহানের সাথে শরিফ, আরিফ, হিরন ও কুরবান আলীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা শাহজাহানকে মারধর শুরু করেন। এতে তিনি আহত হন। পরে স্থানীয় কয়েকজন তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসরাফিল হোসেন বলেন, শাহজাহান মাঝেমধ্যে আমার নির্বাচনি কার্যালয়ে আসে। সে একটি পোশাক কারখানায় চাকরি করে। আমার পক্ষে থাকায় তাকে মারধর করেছে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুরের সন্ত্রাসীরা।
তবে অভিযোগের বিষয়ে ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া এবং অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, শাহজাহান নামে এক ব্যাক্তিকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এলএ