Dhaka Mail Logo

সারাদেশ

যমুনা নদীতে বালুবোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২

জেলা প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। গত দুই দিনেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় বয়ড়া এলাকায় যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন হলেন নোয়াখালীর মাইজদী উপজেলার আন্তারচরের লোকমান হোসেন মৃধার ছেলে ও বাল্কহেডের ইঞ্জিন মিস্ত্রি মোরশেদ (২৫) এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে শ্রমিক ফয়সাল (১৯)।

6796fe61-d866-475d-b0cb-9431d10be0ec

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় যমুনা নদীতে বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে কয়েকজন শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় গভীরে যাওয়া সম্ভব হচ্ছে না। রোববার দিনভর চেষ্টা করেও নিখোঁজ দুজনকে উদ্ধার করা যায়নি। সোমবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।

উপপরিচালক আরও বলেন, বাল্কহেডে ইঞ্জিনচালকসহ চারজন শ্রমিক ছিলেন। পানির তীব্র স্রোতের কারণে বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যায়। দুজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও মোরশেদ ও ফয়সাল নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা বাল্কহেডের ইঞ্জিন কক্ষে আটকে থাকতে পারেন। তবে নদীতে তীব্র স্রোতের কারণে সেখানে নেমে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না।

প্রতিনিধি/এসএস