Dhaka Mail Logo

সারাদেশ

আগেও আত্মহত্যার চেষ্টা, এবার আর বাঁচানো গেল না সাদিয়াকে

জেলা প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ এএম

গাইবান্ধা সদর উপজেলায় পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে সাদিয়া আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল সে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বোয়ালী ইউনিয়নের মধ্য রাধাকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।

সাদিয়া আক্তার মধ্য রাধাকৃষ্ণপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে। সে গাইবান্ধা শহরের শাহ্ আহম্মদ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে সাদিয়া আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালে থাকা সদর থানার উপপরিদর্শক (এসআই) ওসি (তদন্ত) সুমঙ্গল জানান, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমানের কারণে সাদিয়া আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা সাদিয়ার মানসিক সমস্যার কথা জানিয়েছেন। এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল বলে পরিবার জানিয়েছে। প্রাথমিকভাবে অভিমানের বিষয়টি জানা গেলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে।

প্রতিনিধি/এসএস