Dhaka Mail Logo

সারাদেশ

পিরোজপুরে চলন্ত ফেরি থেকে কচা নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ

জেলা প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ এএম

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী ফেরিঘাট এলাকায় চলন্ত ফেরি থেকে কচা নদীতে পড়ে বাবুল মাঝি (৩৫) নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ বাবুল মাঝি বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় গ্রামের মো. হারুন মোল্লার ছেলে। তিনি পেশায় বঙ্গোপসাগরগামী একটি ফিশিং ট্রলারের মাঝি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, কচা নদীর টগরা ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি চরখালী ঘাটে পৌঁছানোর আনুমানিক ৫০ থেকে ১০০ ফুট আগে বাবুল মাঝি নদীতে পড়ে যান। এ সময় তিনি ফেরির সামনের দিকে রেলিংয়ের ওপর বসেছিলেন। অসাবধানতাবশত নদীতে পড়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে কচা নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি।

খবর পেয়ে ভান্ডারিয়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়।

ভান্ডারিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা আব্দুস সোবহান জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে প্রবল স্রোতের কারণে প্রাথমিকভাবে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। সোমবার বরিশাল থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করবে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাবুল মাঝির সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস