Dhaka Mail Logo

সারাদেশ

টেকনাফে সোয়া ৬ লাখ ইয়াবা জব্দ

জেলা প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ এএম

কক্সবাজারের টেকনাফে ৬ লাখ ১৯ হাজার ৬০০ ইয়াবা জব্দ করেছে র‌্যাব-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

রোববার রাত সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।

র‌্যাব জানায়, শনিবার দিবাগত রাত থেকে র‌্যাবের একটি দল টেকনাফের শাপলা চত্বর এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি সাবরাং বাজারপাড়া এলাকায় ইয়াবার একটি বড় চালান নিয়ে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে র‌্যাবের অভিযানিক দল সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা ফিরোজের লবণের মাঠসংলগ্ন ওয়াব পিডিয়া ইটের সলিং সড়কে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি তাদের সঙ্গে থাকা পুরোনো লুঙ্গিতে মোড়ানো চারটি পোটলা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যান।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পোটলাগুলো তল্লাশি করে মোট ৬ লাখ ১৯ হাজার ৬০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আ. ম. ফারুক জানান, ইয়াবাগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস