জেলা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ এএম
মায়ের হাতের টিফিন খেয়ে সাইকেল নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়েছিল ১১ বছরের শিশু নাবিল হোসেন। তবে মাদ্রাসায় আর পৌঁছানো হলো না তার। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থী।
নিহত নাবিল হোসেন মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে স্থানীয় মানিকনগর ডিএস আমানিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ি থেকে সাইকেল চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিল নাবিল। পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নাবিলের মৃত্যু হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
/এএস