জেলা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ১৯৫ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল স্বাস্থ্য বিভাগের ডা. মো. রেফায়েতুল হায়দার।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল বিভাগে মোট ৮ হাজার ৩১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭ হাজার ৭৭৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নতুন রোগী ভর্তি হয়েছেন পিরোজপুরে ৫৫ জন। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭, ঝালকাঠিতে ৩০, পটুয়াখালীতে ২২, বরগুনায় ১৯, বরিশালে ১৮, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ এবং ভোলায় ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
জেলা ও হাসপাতাল ভিত্তিক হিসাবে, বরিশালে মোট ৮৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৯৭ জন ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ৫০ জন চিকিৎসাধীন। পটুয়াখালীতে মোট রোগী ৭৯৮ জন, ছাড়পত্র পেয়েছেন ৭৩৯ জন এবং চিকিৎসাধীন ৫৯ জন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩৫৬ জন রোগী ভর্তি হয়েছেন, ছাড়পত্র পেয়েছেন ৩৩০ জন এবং বর্তমানে ২৬ জন চিকিৎসাধীন।
ভোলায় মোট ৪৭৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৪৮ জন ছাড়পত্র পেয়েছেন এবং ২৬ জন চিকিৎসাধীন। পিরোজপুরে মোট রোগী ২ হাজার ২১০ জন। এর মধ্যে ২ হাজার ৯১ জন ছাড়পত্র পেয়েছেন, একজনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে ১১৮ জন চিকিৎসাধীন।
এছাড়া বরগুনায় মোট ১ হাজার ১২৬ জন রোগী ভর্তি হয়েছেন, ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৪ জন এবং বর্তমানে ৫২ জন চিকিৎসাধীন। ঝালকাঠিতে মোট রোগী ১ হাজার ৮৯৬ জন, ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৪৭ জন, একজনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে ৪৮ জন চিকিৎসাধীন।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত মোট ৬১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৫৩ জন ছাড়পত্র পেয়েছেন। ডেঙ্গুতে এ হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে ১৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগের কোনো জেলা বা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে।
প্রতিনিধি/এজে