Dhaka Mail Logo

সারাদেশ

উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত ৪ একর বনভূমি 

জেলা প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ। এ সময় প্রায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের মাছকারিয়ার বিল ও দোছড়ি বিটের মোহাম্মাদ আলিরঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।

বনবিভাগ সূত্র জানায়, স্থানীয় কিছু ব্যক্তি বনভূমি জবরদখল করে বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করছিলেন। বিষয়টি নজরে আসার পর বনবিভাগ অভিযান চালিয়ে সাতটি স্থাপনা উচ্ছেদ করে। একই সঙ্গে প্রায় চার একর বনভূমি দখলমুক্ত করা হয়।

অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমাসহ বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বনভূমি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে। সরকারি বনভূমি রক্ষায় জবরদখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

প্রতিনিধি/ এজে