জেলা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম
রাজশাহীর বাঘায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি অবৈধ বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ এক নারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলা ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজশাহী জেলা ডিবির ইন্সপেক্টর (পরিদর্শক) মোমিনুল হাসান গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতার নারীর নাম মোছা. রোজিনা খাতুন (৪৫)। তিনি জেরার বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। এ ঘটনায় তার স্বামী পলাতক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক মোমিনুল হাসানের নেতৃত্বে একটি দল শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আলাইপুর নাপিতপাড়ায় রোজিনা খাতুনের বাড়িতে অবৈধ অস্ত্র মজুত আছে। এরপর রাত ৮টায় বাড়িটি ঘেরাও করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় রোজিনার শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি সাদা শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় অবৈধ দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে রুবেল হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রোজিনা খাতুনের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা রয়েছে। অন্যদিকে পলাতক রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ১৩টি, নরসিংদীতে ১টি এবং কুষ্টিয়ায় ১টি সহ মোট ১৫টি মামলা রয়েছে। এ ঘটনায় বাঘা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোমিনুল হাসান জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্রের মাধ্যমে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
প্রতিনিধি/ এজে