Dhaka Mail Logo

সারাদেশ

দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

কক্সবাজারের টেকনাফে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল কাসেম ওরফে লেডু মিস্ত্রি (৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামজারছড়া গ্রামের জাম্বুপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আবুল কাসেমের দুই ছেলে হারুন ও নুর মোহাম্মদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঝগড়া শুরু হয়। এ সময় ঝগড়া থামাতে এগিয়ে গেলে হারুন তার বাবাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন আবুল কাসেম।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রোববার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে নুর মোহাম্মদ বলেন, দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার একপর্যায়ে তার বাবা ছুরিকাঘাতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির জেরে একপর্যায়ে হারুন তার বাবাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আবুল কাসেমকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কক্সবাজার সদর হাসপাতাল হয়ে চট্টগ্রামে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে আবুল কাসেম ছুরিকাঘাতে আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/জেবি