Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ২৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত

জেলা প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ১২ ঘণ্টায় পদ্মা নদীতে ৬ সেন্টিমিটার পানি কমলেও বিপরীত চিত্র দেখা গেছে মহানন্দা ও পুনর্ভবা নদীতে। নদী দুটিতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত পদ্মার পাঙ্খা পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি কমেছে। বর্তমানে এই পয়েন্টে পানির স্তর ২১ দশমিক ৭৩ মিটার, যা বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (গতকাল ১২ সেপ্টেম্বর- যা ছিল ২১ দশমিক ৭৯ মিটার)। তবে গত ২৪ ঘণ্টায় মহানন্দা নদীতে ৩ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীতে ৪ সেন্টিমিটার পানি বেড়েছে।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪ হাজার ৩০০ পরিবার বর্তমানে পানিবন্দি রয়েছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন, আবার অনেকেই ঘরের ভেতর হাঁটুপানি মাথায় নিয়ে দিন কাটাচ্ছেন। বন্যার পানির কারণে বিশুদ্ধ পানি, খাদ্য ও রান্নার চরম সংকট দেখা দিয়েছে। এছাড়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষ কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন।

বন্যার প্রভাব পড়েছে স্থানীয় শিক্ষা ব্যবস্থায়ও। জেলার অন্তত ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠান বিকল্প স্থানে শিফট করে ক্লাস নেওয়ার চেষ্টা করলেও অধিকাংশেরই পাঠদান বন্ধ থাকায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, পানিবন্দি মানুষের মাঝে গত দুই দিনে প্রায় ২৬ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি শুকনো খাবার ও খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্রগুলো। এখনো কেউ আশ্রয়কেন্দ্রে না এলেও পরিস্থিতি খারাপ হলে দ্রুত স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মার পানি কমতে শুরু করায় বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব। তিনি জানান, আশা করা যাচ্ছে- আজকের পর থেকে পদ্মার পানি ধারাবাহিকভাবে কমতে থাকবে।

প্রতিনিধি/এলএ