Dhaka Mail Logo

সারাদেশ

জামালপুরে কলেজের হলে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের আউটডোর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় হলের শিক্ষার্থীরা আউটডোরে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

হলের শিক্ষার্থীরা জানান, বৃষ্টির মধ্যে হঠাৎ আউটডোরে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে কয়েকজন শিক্ষার্থী কাছে গিয়ে দেখতে পান, সেখানে এক যুবকের মরদেহ ঝুলছে। এরপর তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলেও এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হলের শিক্ষার্থী কিংবা আশপাশের এলাকার কেউও মরদেহটি দেখে তাকে শনাক্ত করতে পারেননি।

পানাউল্লাহ আহম্মেদ হলের হল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই আমরা সেখানে যাই। উদ্ধার হওয়া যুবক আমাদের হলের আবাসিক শিক্ষার্থী নন। এখন পর্যন্ত তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে জানা যাবে, ওই যুবক কেন এখানে এসেছিলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক ২৫ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/জেবি