জেলা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
আওয়ামী লীগ সরকার আরও দুই-তিন বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ সিকিমে পরিণত হতো বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার তাদের জুলুম ও কৃতকর্মের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভার সদস্যরা যেভাবে দেশ থেকে ভারতে পালিয়ে গেছে, তা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এ থেকে যদি আমরা কোনো শিক্ষা না নিই, তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ।
তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে সরকারি দফতরের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে তাদের ইচ্ছামতো নির্দেশনা দিয়ে কাজ করানো হয়েছে। এ কারণে দীর্ঘ সময় দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে হাজার হাজার কোটি টাকা পাচারের কারণে দেশ পিছিয়ে পড়েছে বলে মন্তব্য করেন।
এ সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি এবং ২০২৪ সালে আমরা সার্বভৌমত্ব পেয়েছি। এই অর্জনের পেছনে যারা জীবন দিয়েছেন, তাদের আমাদের স্মরণ রাখতে হবে। তাদের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
শেরপুরের গারো পাহাড় এলাকায় পর্যটন করপোরেশনের উদ্যোগে পর্যটনকেন্দ্র ও হোটেল নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, সিভিল সার্জন ডা. মো. শাহীন, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং র্যাব, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারাও সভায় উপস্থিত ছিলেন।
এর আগে শেরপুরে পৌঁছালে সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা বিএনপির নেতারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
প্রতিনিধি/জেবি