জেলা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম
বরগুনার আমতলীতে বিরোধীয় জমিতে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দা, রামদা ও লাঠি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছোটনীলগঞ্জ গ্রামের মো. পাশা হাওলাদার ও মো. জলিল গাজীর মধ্যে প্রায় ১০ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস হলেও সমাধান হয়নি। রোববার সকালে জলিল গাজী লোকজন নিয়ে ওই জমিতে হালচাষ করতে গেলে পাশা হাওলাদারের লোকজন বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে রয়েছেন— পাশা হাওলাদার (৪৬), রুস্তম হাওলাদার (৭৫), খোকন (৩৫), মহসিন (২৮), মাহবুব (৪৫), সোহেল মোল্লা (৪০), মাহবুবুর রহমান (৫০), ইমরান হোসাইন (২৪), জাহিদুল গাজী (৩৫), জলিল গাজী (৪৮), ফয়সাল গাজী (২৭) ও আখিনুর বেগম (৩৫)।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লুনা বিনতে হক জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
পাশা হাওলাদার অভিযোগ করে বলেন, বিরোধীয় জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের আদেশ অমান্য করে জলিল গাজী লোকজন নিয়ে জমি চাষ করতে গেলে বাধা দেন তারা। এ সময় তাদের ওপর হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে জলিল গাজী পাল্টা অভিযোগ করে বলেন, ওয়ারিশসূত্রে পাওয়া এবং আদালতের রায় অনুযায়ী জমিতে হালচাষ করতে গেলে পাশা হাওলাদারের লোকজন তাদের ওপর হামলা চালায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এএস