Dhaka Mail Logo

সারাদেশ

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় ও দল নেই: সড়ক প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বা দল নেই মন্তব্য করে রেলপথ এবং সড়ক ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বা দল নেই। এমনকি নিজ দলের কেউ অপরাধে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

রোববার (১৩ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সমাজে শতকরা প্রায় ৯৫ ভাগ অপরাধ সংঘটিত হচ্ছে মাদককে কেন্দ্র করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনেও মূল কারণ এই মাদক। তাই সবার আগে মাদক নির্মূলে জোর দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি গাজীপুরের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য, সাবেক মেয়র মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আউয়ুবী, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং গাজীপুর জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন প্রমুখ।

সভায় জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের প্রধান ও প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরাও অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/ এজে