জেলা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
পিরোজপুর সদর উপজেলায় ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ)সহ মো. মিরাজ শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা রয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের পশ্চিম ডুমুরিতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়।
পুলিশ জানায়, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মিরাজের বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালায়। এ সময় তার দখল থেকে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইস জব্দ করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

পুলিশের প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গ্রেফতার মিরাজ শেখের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি, মানিকগঞ্জ সদর, ঢাকা মহানগরের দারুস সালাম ও পল্টন, কক্সবাজারের টেকনাফ ও রামু এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে নয়টি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তিনি এজাহারভুক্ত আসামি।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘আসামির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।’
প্রতিনিধি/এসএস