জেলা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় হাওয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনার পর পিকআপভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাওয়া বেগম দর্শনা থানার মদনা এলাকার আব্দুল মজিদের স্ত্রী। তিনি সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আল বেলাল জানান, সকালে হাওয়া বেগম আলুকদিয়া বাজারে রাস্তার পাশে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধারে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপভ্যানের চালককে আটক করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, ‘ঘাতক পিকআপভ্যানসহ চালককে আটক করা হয়েছে। নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’
প্রতিনিধি/এসএস